করোনার পর দীর্ঘ প্রতীক্ষা শেষে দর্শকরা ফিরেছেন মাঠে। কিন্তু এরই মাঝে অনাহূত এক দর্শক ঘটিয়ে বসলেন নিন্দনীয় এক কাণ্ড। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ২য় টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে বিতর্কের আবির্ভাব দিয়েছেন তিনি।
হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ নভেম্বর) ২য় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়ে যায় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের ২য় ইনিংসে অর্থাৎ পাকিস্তানের ইনিংস চলাকালে এক সমর্থক গ্যালারির সীমানা টপকে মাঠে প্রবেশ করেন।
মাঠে ঢুকেই তিনি ছুটে যান টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিকে। আম্পায়ার ও খেলোয়াড়রা তাকে বারবার মাঠ হতে বের হয়ে যাওয়ার জন্য বলছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ হতে বের করার আগে মুস্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত।
নিরাপত্তাকর্মীরা আটকের পর মিরপুর থানায় নিয়ে গেছেন ঐ ভক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন স্কুল শিক্ষার্থী। যদিও কোন স্কুলের শিক্ষার্থী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিজেকে পরিচয় দিয়েছেন মুস্তাফিজের ভক্ত হিসেবে।
মিরপুর থানার সংশ্লিষ্ট সূত্র বিডিক্রিকটাইমকে জানায়, এই ভক্ত কীভাবে মাঠে প্রবেশ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দর্শকরা মাঠে ফিরলেও ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থেকে এই সিরিজে অংশ নিচ্ছেন। মাঠে ভক্তের অনুপ্রবেশে বলয়ের স্বাস্থ্য-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন